খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র, ১৪৩৩

আবুল কালাম আযাদের আপিল শুনানি ৩১ আগস্ট

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আবুল কালাম আযাদের আপিল শুনানি ৩১ আগস্ট

ছবি সংগৃহীত

যোগফল প্রতিবেদন:

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি আগামী ৩১ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ আজকের মতো শুনানি মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেন।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর ৫ আগস্টের পর দেশে ফিরে তৎকালীন সরকারের কাছে আবেদন করেন আবুল কালাম আযাদ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ড কার্যকর এক বছরের জন্য স্থগিত করা হয়। সেই আদেশের ভিত্তিতেই তিনি আপিল বিভাগে তার দণ্ড ও সাজা চ্যালেঞ্জ করে আপিল করেছেন।

সম্প্রতি মৃত্যুদণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেন আযাদ। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছে।

চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী ৩০ দিনের পর আপিল করার সুযোগ নেই। তাই ১৩ বছর পর করা এই আপিল আইনগতভাবে সময়োত্তীর্ণ। তার পক্ষ থেকে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ‘কমপ্লিট জাস্টিস’ নীতির ভিত্তিতে আপিল করা হলেও সুনির্দিষ্ট আইনগত বিধান থাকায় ওই অনুচ্ছেদ প্রয়োগের সুযোগ নেই বলে রাষ্ট্রপক্ষের অবস্থান।

আবুল কালাম আযাদ ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড পান। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে সাতটি অভিযোগ প্রমাণিত হয়। তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং চারটিতে কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরের ২১ জানুয়ারি আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন তিনি।

আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনার আবেদনসহ আপিল করেন আযাদ। এতে আপিল করতে ৪ হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনার আবেদন করা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদনও করা হয়।

এর আগে গত ১০ আগস্ট রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। সোমবার শুনানি শেষে তা আবারও পিছিয়ে ৩১ আগস্ট করা হলো।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর উদ্যোগ নেয়। ওই বিচারপ্রক্রিয়ার প্রথম রায়েই ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।


তানজিলা । অনলাইন ডেস্ক । যোগফল . কম

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

যোগফল প্রতিবেদক:

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (৪৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দনপুর কে.টি.এস. আয়শা খাতুন হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সাঁথিয়ার মাধপুর এলাকার ইকরাম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নন্দনপুর-খানমামুদপুর সড়কের ইছামতী নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজের মালামাল নামানোর জন্য একটি ১০ চাকার লরি রাস্তার পাশে পার্ক করে রাখা ছিল। এতে সড়কে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে যায়।

এ সময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি সবুজ রঙের সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পেছন থেকে আসা একটি হলুদ রঙের পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ রূপ নেয়।

এতে সিএনজি চালকসহ ৫ থেকে ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সিএনজি চালক আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

যোগফল প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই হাত ছেড়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাওন দুই হাত ছেড়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তিনি মোটরসাইকেলটি এদিক-সেদিক হেলেদুলে চালানোর চেষ্টা করছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে শাওন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাওন মিয়া শিবগঞ্জ উপজেলার দাড়িদহর গ্রামের শাবলু মণ্ডলের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন মিয়া নিহত হয়েছেন। পরে হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ইটিপি ছাড়া কোনো কারখানা চালানোর সুযোগ নেই: বিসিসিটি এমডি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইটিপি ছাড়া কোনো কারখানা চালানোর সুযোগ নেই: বিসিসিটি এমডি

যোগফল প্রতিবেদক:

কারখানায় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) চালু না রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা যাবে না বলে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইঘর এলাকায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে চলমান খাল পুনরুদ্ধার ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ‘যতক্ষণ একটি কারখানা চালু থাকবে, ততক্ষণ ইটিপিও চালু রাখতে হবে।’ পরিবেশ সুরক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, অনেক শিল্পপ্রতিষ্ঠান কয়েক ঘণ্টা ইটিপি চালানোর পর তা বন্ধ করে দেয়। ফলে অপরিশোধিত বর্জ্য সরাসরি খাল ও জলাশয়ে গিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের প্রবণতা বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। বন্ধ থাকা ইটিপিগুলোও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।

শুধু শিল্পকারখানা নয়, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিসিসিটি এমডি। তিনি বলেন, অনেক বাসাবাড়ি ও প্রতিষ্ঠান থেকে সরাসরি ড্রেনে ময়লা পানি ফেলা হচ্ছে। পরে এসব বর্জ্য খালে গিয়ে জমা হওয়ায় ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে এবং খালগুলো নর্দমায় পরিণত হচ্ছে।

সিটি করপোরেশনের নির্ধারিত ড্রেনেজ ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

প্রকল্প পরিদর্শন শেষে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, প্রকল্প বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতা থাকলেও এর উদ্দেশ্য ইতিবাচক। কাঙ্ক্ষিত সুফল পেতে পুরো প্রকল্প সম্পন্ন করা প্রয়োজন। তিনি প্রকল্পে লুটপাটের কোনো আলামত দেখেননি বলেও জানান। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে দেশ ও জনগণ উপকৃত হবে।

পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যেই প্রকল্পটিতে অর্থায়ন করা হয়েছে বলে জানান তিনি। খালের পাশে ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো এবং মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উন্নত ড্রেনেজ ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় ইটিপি স্থাপন ব্যয়বহুল হওয়ায় বিকল্প সমাধান নিয়েও সরকার কাজ করছে বলে জানান বিসিসিটি এমডি। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে পানি সরবরাহের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এতে ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণের পাশাপাশি খাল ও নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, টেকসই ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; শিল্প মালিক, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জের পাঁচটি খালে তীর সংরক্ষণ, প্রায় ৬ হাজার ২০২ মিটার ওয়াকওয়ে নির্মাণ ও বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটির বাস্তবায়ন করছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম